বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী
আমিরুল ইসলাম লুকমান: সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, প্রখ্যাত ফকীহ ও মুহাদ্দিস শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকী উসমানী দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ সফরে আসছেন।
আগামী ২২ নভেম্বর ২০২৬, রোজ রবিবার রাজধানী ঢাকার কাওলা নামাপাড়ায় (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে) এক ঐতিহাসিক দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ও মুরুব্বী আল্লামা মুফতি তাকী উসমানী। সম্মেলনে তাঁর বিশেষ আম বয়ানের পাশাপাশি দরসে বুখারী ও মুসালাসালাতুল হাদিসের দরস প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করার কথা রয়েছে। এই সফরকালে তাঁর ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার ও সম্মেলনে যোগদানের কথা রয়েছে।
আল্লামা মুফতি মুহাম্মদ তাকী উসমানী বর্তমান বিশ্বে অন্যতম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব। তিনি একাধারে একজন প্রখ্যাত ফকীহ, মুহাদ্দিস, বিশিষ্ট অর্থনীতিবিদ, আইনজ্ঞ ও সফল লেখক। তাঁর এই বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সরাসরি তাঁর মুখ থেকে হাদীসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফের পাঠ গ্রহণ করার এই সুযোগকে একটি দুর্লভ সৌভাগ্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মহাসম্মেলনটি সফল ও সার্থক করতে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ (হাফিজহুল্লাহ) এই মহাসম্মেলনে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ও কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিনীত দাওয়াত জানিয়েছেন।
এআইএল/সকালবেলা