মক্তব শিক্ষাকে দলীয়করণ মুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

প্রকাশ: রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ণ
মক্তব শিক্ষাকে দলীয়করণ মুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে যেকোনো ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ থেকে মুক্ত করে শিশুদের সঠিক ধর্মীয় ও নৈতিক সুশিক্ষা নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক অর্পিত দায়িত্ব আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নের তাগিদ দিয়ে ধর্মমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী ভাবনায় শিশুদের সকালবেলায় পবিত্র কোরআন শিক্ষা, আদব-কায়দা ও নৈতিকতা অর্জনের লক্ষ্যেই মসজিদভিত্তিক মক্তব শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছিল। তবে বিগত ১৭ বছরে এই গুরুত্বপূর্ণ শিক্ষাক্রমকে ব্যাপক রাজনৈতিক দলীয়করণের শিকার বানানো হয়েছে। মক্তব শিক্ষাকে যেকোনো রাজনৈতিক প্রভাব থেকে উদ্ধার করে পুনরায় প্রকৃত ধর্মীয় ও নৈতিক শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি।

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ২০ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঠিক মান বজায় রাখা এবং মক্তব শিক্ষা কার্যক্রম থেকে রাজনৈতিক প্রভাব পুরোপুরি দূর করতে একটি বিশেষ সংস্কার কমিটি গঠনের রূপরেখা তুলে ধরেন তিনি।

এ সময় কওমি মাদ্রাসার শিক্ষক ও হাফেজদের নির্ভুল কোরআন শিক্ষার অবদানের প্রশংসা করে মন্ত্রী বলেন, ভুলত্রুটি ছাড়া ৩০ পারা কোরআন হিফজ করানোর এই অনন্য অবদানকে উদার মনে মূল্যায়ন করতে হবে এবং তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃত্বের সঠিক সমন্বয়ের মাধ্যমে সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলে দেশ ও জনগণ উপকৃত হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, বর্তমান সরকার দেশব্যাপী ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার মাধ্যমে এই লক্ষ্য অর্জন আরও বেগবান করা সম্ভব।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য সচিব ও মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন—কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ বোর্ড অব গভর্নরসের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। সভায় মক্তব শিক্ষা কার্যক্রমের তদারকি জোরদার করা এবং সরকারের রূপকল্প সফল বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এআইএল/সকালবেলা