‘বিডি ক্লিন’ ও পঞ্চগড় পৌরসভার উদ্যোগে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু

প্রকাশ: রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ণ
‘বিডি ক্লিন’ ও পঞ্চগড় পৌরসভার উদ্যোগে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু

বিশেষ প্রতিনিধি: “আধুনিক ও পরিচ্ছন্ন পঞ্চগড়” গড়ার লক্ষ্য নিয়ে পঞ্চগড় পৌরসভা এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন-পঞ্চগড়’-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ বা ‘ডোর-টু-ডোর’ ময়লা তোলার কার্যক্রম। 

রবিবার (১ নভেম্বর ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভযাত্রা শুরু হয়।

পঞ্চগড় পৌরসভা প্রশাসক সীমা শারমিনের নির্দেশনায় এবং বিডি ক্লিন-পঞ্চগড়-এর সহযোগিতায় এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌরবাসীকে পরিচ্ছন্ন সেবা পৌঁছে দিতে খুব দ্রুত এই কার্যক্রম পুরো শহরজুড়ে বিস্তার লাভ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আজ (১ নভেম্বর) সকালে অ্যাডভোকেট আবুল খায়ের সাহেবের বাসার সামনে থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পঞ্চগড় পৌরসভার সহকারী স্যানিটারি ইন্সপেক্টর হুমায়ুন কবির, বিডি ক্লিন-পঞ্চগড়-এর জেলা সমন্বয়ক মোঃ কামরুজ্জামান কামু এবং বিডি ক্লিন-পঞ্চগড়-এর নিবেদিতপ্রাণ শুভ সদস্যবৃন্দ।

পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়ার এই কার্যক্রমে অংশ নিতে এবং আপনাদের ঘরের ময়লা পৌরসভার নির্ধারিত ভ্যানের মাধ্যমে দিতে বিডি ক্লিন-পঞ্চগড় ও পৌরসভার সাথে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, পৌরবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেলে পঞ্চগড় শহরকে একটি সম্পূর্ণ পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব মডেল শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এআইএল/সকালবেলা