আল-আযহারের সঙ্গে মুয়াদালা বিষয়ে বেফাক সভাপতির সম্মতি

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
আল-আযহারের সঙ্গে মুয়াদালা বিষয়ে বেফাক সভাপতির সম্মতি

আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: মিশরের কায়রোর নসর সিটিতে আল-হাইআতুল উল‌ইয়া লিল জামিআতিল ক‌ওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি শাইখ মাহমুদ হাসানের সঙ্গে মিশরস্থ ক‌ওমি শিক্ষার্থীদের সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)-এর এক বিশেষ মিটিং ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

আওসবির সভাপতি মাওলানা আবদুর রহমান মুহাম্মাদ ন‌ওয়াবের ব্যবস্থাপনা ও সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) মিশরের স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন, সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমান, মুহাম্মাদ আখতারুজ্জামান, মুহাম্মাদ মাসুম বিল্লাহ, মাজহারুল ইসলাম, শাহেদুল ইসলাম, আব্দুর রহমান মোতালেব, আব্দুল আজিজ তরফদার, উসামা বিন শফিক, আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক মিসবাহুল হক মেরাজী।

বৈঠকে ক‌ওমি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পথ সুগম ও সুশৃঙ্খল করার লক্ষ্যে বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ আল-আযহারের সঙ্গে আল-হাইআতুল উল‌ইয়া ও বেফাকের মুয়াদালা (ইকুইভ্যালেন্স) চুক্তি, মিশরে ছাত্রাবাস নির্মাণ এবং মিশর-বাংলাদেশ আন্তর্জাতিক সেমিনারের আয়োজনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। 

শাইখ মাহমুদ হাসান সরেজমিনে মিশর পরিদর্শনের মাধ্যমে যুগের চাহিদা অনুযায়ী আল-আযহারের সঙ্গে ক‌ওমি মাদ্রাসার মুয়াদালার পক্ষে তাঁর ইতিবাচক মত ঘোষণা করেন এবং শিক্ষাবোর্ডসমূহের দায়িত্বশীলদের নিয়ে তা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন। 

এ সময় তিনি আওসবি সভাপতি কর্তৃক উপস্থাপিত দুটি বিশেষ আবেদনপত্রে স্বাক্ষর করেন। এ ছাড়া বাংলাদেশের ক‌ওমি মাদ্রাসাসমূহের সর্বোচ্চ শিক্ষাবোর্ডের পক্ষ থেকে প্রতি বছর শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল মিশরে প্রেরণসহ আওসবির বেশ কিছু প্রস্তাবনায় সম্মতি দেন।

দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আযহার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শাইখ মাহমুদ হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মুয়াদালা বিষয়ে শাইখের সম্মতিতে শুকরিয়া জ্ঞাপন করা হয়। জবাবে শাইখ উপস্থিত সকলকে তাঁর সনদে হাদিস বর্ণনার লিখিত ও নিজ হাতে স্বাক্ষরিত ইজাজত প্রদান করেন। পরিশেষে আওসবি সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ ন‌ওয়াব শাইখের হাতে আল-ইমামুল আকবার শাইখুল আযহার আহমাদ আত-তাইয়িবের কার্যালয় থেকে প্রেরিত বিশেষ হাদিয়া প্যাকেজ তুলে দেন। শাইখ আনন্দচিত্তে শাইখুল আযহারের প্রেরিত এই উপহার গ্রহণ করেন।

মিটিং শেষে কিছু সময় বিশ্রামের পর শেষ রাতে আল্লামা মাহমুদ হাসান বাংলাদেশের উদ্দেশে রওনা হন। আওসবির প্রতিনিধি দল তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের অফিস ও প্রচার সম্পাদক ইরফান উদ্দীন।

এআইএল/সকালবেলা