স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ৩৯
অনলাইন ডেস্কঃ ইউরোপের দেশ স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণাঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এক মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৯ জন যাত্রী প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে আঞ্চলিক সরকার কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) স্পেনের স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর এই বিপর্যয় ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ ও বার্তা সংস্থা ‘এএফপি’-র প্রতিবেদনে এই তথ্যাদি উঠে এসেছে।
স্পেনের সরকারি রেল পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ (Adif) জানিয়েছে, মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে ‘রেনফে’ (Renfe) পরিচালিত একটি ট্রেনের সঙ্গে ‘ইরিয়ো’ (Iryo) নামক বেসরকারি কোম্পানির অপর একটি ট্রেনের সাথে এই ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। আঞ্চলিক সরকারের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, দুর্ঘটনার মুহূর্তটিতে দুটি ট্রেন মিলিয়ে ৫০০ জনেরও বেশি সাধারণ যাত্রী সফর করছিলেন। ঘটনার আকস্মিকতা ও ধ্বংসস্তূপের ভয়াবহতা দেখে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "নিহতের সংখ্যা নিশ্চিতভাবেই আরও অনেক বাড়তে পারে।" দুর্ঘটনার পরপরই ওই রুটের সব ট্রেন নিকটস্থ বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে এবং ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে বড় আকারের উদ্ধারকারী দল পাঠিয়েছে স্পেনের জরুরি পরিষেবা বিভাগ। এএফপিকে মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকাজে একাধিক আঞ্চলিক দমকল বাহিনী, ৩টি উদ্ধারকারী বিশেষ হেলিকপ্টার এবং ২টি ভ্রাম্যমাণ নিবিড় পরিচর্যা কেন্দ্র (মোবাইল আইসিইউ)-সহ আধুনিক সব জরুরি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এদিকে মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এক বিবৃতিতে তিনি বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। উদ্ধারকাজের সর্বশেষ অগ্রগতি এবং পরিস্থিতির ওপর নজর রাখতে তিনি দেশটির পরিবহনমন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন। তবে ঠিক কী কারণে দুটি ট্রেন একই ট্র্যাকে চলে এসে এই সংঘর্ষের সৃষ্টি করল, তা তদন্তের মাধ্যমে অনুসন্ধানের চেষ্টা করছে কর্তৃপক্ষ।
সকালবেলা / নুসরাত