রমজানের আগে বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
রমজানের আগে বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

সকালবেলা নিউজ: আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের কোনো সংকট তৈরির আশঙ্কা নেই। ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর পণ্যের পর্যাপ্ত সরবরাহ এবং রমজানে সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছে সরকার। বর্তমানে পাইপলাইনে যে পরিমাণ পণ্য রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। ফলে রমজানের আগে কিংবা পরে বাজারে পণ্যের কোনো ঘাটতি তৈরি হবে না।

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও জাহাজভাড়ার ওঠানামা আমদানি ব্যয় এবং স্থানীয় বাজারে মূল্য নির্ধারণে ভূমিকা রাখে উল্লেখ করে মুক্তাদির জানান, আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কিছুটা বাড়ায় সে বিষয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বদা সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার কোনো মার্জিন বা ব্যাংকিং জটিলতা দেখা দিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাণিজ্যমন্ত্রী জানান, মালয়েশিয়ার সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে চুক্তিটি সম্পাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, ওমান, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য সহযোগিতা জোরদারে আলোচনা অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা