মানুষের জীবনে এমন কিছু সময় আসে, যখন আসমানি দরজা দুনিয়ার আরও কাছে নেমে আসে, দোয়া দ্রুত কবুল হয় এবং সামান্য আমলও অসীম সওয়াবের কারণ হয়ে দাঁড়ায়। মুসলিম উম্মাহর জন্য পবিত্র রমজান তেমনই এক মহিমান্বিত সময়। এটি রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসে প্রতিটি ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়।
এই রমজানে যদি আল্লাহর ঘরকে কেন্দ্র করে ওমরার মতো জান ও মালের সমন্বিত মহৎ ইবাদত আদায় করা যায়, তবে তার মর্যাদা কত মহান—তা মহানবী মুহাম্মদ (সা.)-এর হাদিসেই স্পষ্ট হয়েছে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি এক আনসারি মহিলাকে বলেন, ‘রমজান মাসে একটি ওমরাহ একটি হজের সমতুল্য।’ অন্য বর্ণনায় এসেছে, ‘আমার সঙ্গে একটি হজ আদায়ের সমতুল্য।’ (বুখারি, হাদিস : ১৮৬৩)
আলেমরা একমত যে এখানে সওয়াবের দিক থেকে সমতার কথা বলা হয়েছে, ফরজ হওয়ার দিক থেকে নয়। অর্থাৎ রমজানের ওমরাহ ফরজ হজের বিকল্প নয়। ইমাম নববী (রহ.) বলেন, ‘এর অর্থ সওয়াবের ক্ষেত্রে সমতা, ফরজ হজের বিকল্প নয়।’
সময়ের মর্যাদা আমলের মর্যাদা বাড়ায়
ইসলামের একটি মৌলিক নীতি হলো—সময় ও স্থানের মর্যাদা অনুযায়ী আমলের মূল্য বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী।’ (সুরা : আল-বাকারাহ, আয়াত : ১৮৫)
হাদিসে এসেছে, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। (বুখারি, হাদিস : ১৮৯৯)
অতএব, বরকতময় সময় ও পবিত্র স্থান—এই দুইয়ের সমন্বয়ে ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়।
গুনাহ মাফের শক্তিশালী মাধ্যম
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এক ওমরাহ থেকে আরেক ওমরাহ পর্যন্ত সময়ের (ছোট) গুনাহগুলোর কাফফারা হয়ে যায়।’ (বুখারি, হাদিস : ১৭৭৩)
আরও এসেছে, ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (বুখারি, হাদিস : ৩৮)
রমজানের মাগফিরাত ও ওমরাহর কাফফারার ফজিলত একত্র হলে তা মুমিনের জন্য আত্মশুদ্ধির অনন্য সুযোগ হয়ে ওঠে।
তাকওয়ার বিকাশ ও অন্তরের পরিবর্তন
রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ (সুরা : আল-বাকারাহ, আয়াত : ১৮৩)
মক্কা-মদিনার পবিত্র পরিবেশে রোজা, তারাবি, কোরআন তিলাওয়াত ও কাবা শরিফের সামনে ইবাদত মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলে। পবিত্র সময় ও স্থান একত্র হলে ইবাদতের প্রভাব আরও গভীরভাবে প্রতিফলিত হয়।
রমজানের ওমরাহ কেবল একটি ইবাদত নয়, এটি আত্মার পুনর্জাগরণের সফর। এটি মানুষকে দুনিয়ার ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। সেখানে ইখলাস বৃদ্ধি পায়, দোয়া কবুলের আশা জাগে, গুনাহের জন্য অনুতাপ সৃষ্টি হয় এবং নতুন জীবনের প্রেরণা তৈরি হয়।
যাদের সামর্থ্য আছে, তাদের জন্য এটি এক বিরল সুযোগ। কারণ এমন সময়, এমন স্থান এবং এমন ইবাদতের সমন্বয় সারা বছর থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাসে এই মহান সওয়াবের অংশীদার হওয়ার তাওফিক দান করুন।
আই.এ/সকালবেলা