ক্রেডিট কার্ড জালিয়াতি: কোটি টাকা আত্মসাৎ মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
আবু ইউসুফ (নওগাঁ প্রতিনিধি): অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশের একটি বিশেষ টিম। এ সময় প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থের মধ্যে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন, ৭টি এটিএম কার্ড ও ৩টি চেক বই জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য গণমাধ্যমকে জানান।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী জেলা বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশিকে (২৮) গ্রেপ্তার করে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এনপিএসবি নেটওয়ার্ক ও পূবালী ব্যাংকের বুথ ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ৫টি হিসাবের মাধ্যমে এই বিশাল অংকের টাকা তারা আত্মসাৎ করেছিলেন। পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় টানা ৩৬ ঘণ্টার এক সাঁড়াশি অভিযানে এই অভিনব প্রতারণার রহস্য উদঘাটিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার আবুল হাসানের ছেলে এবং মালিহা তাবচ্ছুম তাঁর স্ত্রী। শহিদুল ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। সেই সুবাদে ২০১৫ সালে তাঁর চলতি হিসাবের অনুকূলে ১ লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করা হয়েছিল। সম্প্রতি ওই ক্রেডিট কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক অপব্যবহার করে তিনি অভিনব কায়দায় ৫টি ব্যাংক হিসাবে অননুমোদিতভাবে টাকা স্থানান্তর শুরু করেন।
প্রাথমিকভাবে প্রতি লেনদেনে ১ লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে প্রতি লেনদেনে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়, যা অনুমোদিত কার্ড সীমার সম্পূর্ণ পরিপন্থী। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ে ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা হাতিয়ে নেন এই দম্পতি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার ওসি মিন্টু রহমান ও ডিবি পুলিশের ওসি হাসিবুর রহমানের নেতৃত্বে গঠিত বিশেষ টিম বগুড়ায় অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের আলমারিতে লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দম্পতি ব্যাংক জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা পুলিশকে জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ—প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে এবং বাকি টাকা দিয়ে তাঁরা বিলাসী জীবনযাপন করতেন। এই জালিয়াতির সঙ্গে ব্যাংকের ভেতরের কোনো চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা