শ্রীপুরে সরকারি বন উজাড় করে শূকর পালনের অভিযোগ

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
শ্রীপুরে সরকারি বন উজাড় করে শূকর পালনের অভিযোগ

মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক, গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনভূমির ভেতরে ময়লা-আবর্জনা ফেলে ভয়াবহ পরিবেশ দূষণের পাশাপাশি বনের গাছ কেটে জায়গা পরিষ্কার করে শূকর পালনের অভিযোগ উঠেছে। পালিত এসব শূকর আশপাশের কৃষিজমিতে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী স্থানীয় কৃষকেরা। বনভূমির এমন চরম অব্যবস্থাপনা ও দূষণে হুমকির মুখে পড়েছে এলাকার সার্বিক পরিবেশ। পাশাপাশি এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে বনসংলগ্ন বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পাঠদানে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার রাথুরা ভিট এলাকার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বন বিভাগের জায়গায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। বনভূমির বিভিন্ন স্থানে স্তূপাকারে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া বনের মূল্যবান গাছ কেটে পরিষ্কার করা জায়গায় শূকর পালনের কার্যক্রম চালানোর সত্যতাও পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র বনভূমির ওই অংশে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলে আসছে। শূকর পালনের সুবিধার্থে বনাঞ্চলের প্রাকৃতিক গাছপালা কেটে ফাঁকা জায়গা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের। এতে একদিকে যেমন সংরক্ষিত বনভূমি উজাড় হচ্ছে, অন্যদিকে আবর্জনা পচে দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ।

এদিকে বনের ভেতরে পালন করা শূকরগুলো পাশের ফসলি জমিতে ঢুকে ধান ও সবজিসহ বিভিন্ন ধরনের ফসল নষ্ট করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। এতে নিয়মিত আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।

ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশবিদ খোরশেদ আলম। পরে বিষয়টি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলে স্থানীয় বিট কর্মকর্তা শেখ এমদাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে কেটে রাখা কাঠগুলো জব্দ করে নিয়ে যান।

এ বিষয়ে বিট কর্মকর্তা শেখ এমদাদ জানান, স্থানীয় বিএনপি নেতা রিপনের মাধ্যমে সেখানে ময়লা ফেলা হচ্ছে বলে তিনি প্রাথমিক তথ্যে জানতে পেরেছেন। পাশাপাশি পাবনা থেকে আসা একটি মালিগোষ্ঠী ওই স্থানে এসে শূকর পালন করছে বলেও জানান তিনি। বনভূমিতে গাছ কাটার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে কেটে রাখা কাঠগুলো উদ্ধার করে আনা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই বন কর্মকর্তা।

পরিবেশবিদ খোরশেদ আলম বলেন, “বনের ভেতরে ময়লা ফেলে এবং গাছ কেটে সুকৌশলে বন উজাড় করা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। শূকরগুলো পাশের জমিতে গিয়ে কৃষকের কষ্টার্জিত ফসল নষ্ট করছে। ঠিক পাশেই বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত হওয়ায় ময়লা-আবর্জনার দুর্গন্ধ ও শূকরের উপদ্রবে কোমলমতি শিশুদের শ্রেণিকক্ষে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং বন টিকিয়ে রাখার স্বার্থে দ্রুত ময়লা ও শূকর সরিয়ে নেওয়া জরুরি। একই সঙ্গে বনের গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

স্থানীয় সচেতন মহলের দাবি, সংরক্ষিত বনভূমিতে ময়লা ফেলা ও শূকর পালন অবিলম্বে বন্ধ করার পাশাপাশি গাছ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। একই সঙ্গে বনভূমি ও বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এআইএল/সকালবেলা