হাসপাতালগুলোতে সেবার মান বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দেশের হাসপাতালগুলোতে সেবার মান বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি বিভাগ তিনি সরেজমিনে ঘুরে দেখেছেন। সেখানে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পাওয়া গেছে এবং রোগীদের সাথে কথা বলে সেবার মান নিয়েও সন্তোষ প্রকাশ করেন। একই সাথে হাসপাতালের রান্নাঘরের খাবারের মান ভালো পেলেও ল্যাট্রিনের কিছু সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেন, গত ১৭ বছরের জঞ্জাল একবারে পরিষ্কার করা সম্ভব নয়, এতে কিছুটা সময় লাগবে। বর্তমান সরকার মাত্র ছয় মাস হলো দায়িত্ব নিয়েছে। স্বাস্থ্য খাতের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
এর আগে মন্ত্রী মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং পর্যায়ক্রমে আরও দুটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের কথা জানান।
পরিদর্শনকালে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম, মেডিকেল অফিসার তানভীর জামান প্রতিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|