কুষ্টিয়ার জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: দারিদ্র্যের কারণে থমকে যাওয়া কুষ্টিয়ার জোড়া লাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের সমস্ত খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংবাদমাধ্যমে তাঁদের পরিবারকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে।
রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল শিশু দুটির বাবা নাহিদ হাসানকে টেলিফোনে সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে কালবিলম্ব না করে শিশু দুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।
জয়নব ও উম্মে কুলসুম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির সন্তান। গত ৪ মে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জন্ম নেওয়া শিশু দুটি পেট ও বুক জোড়া লাগা অবস্থায় রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকেরা জানিয়েছিলেন, কয়েকটি ধাপে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের আলাদা করা সম্ভব। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন মাস পর পুনরায় ঢাকায় নেওয়ার কথা থাকলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে তা থমকে যায়। নাহিদ হাসানের সীমিত আয়ে দুই শিশুর দুধ, ওষুধ ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি চরম ঋণে জর্জরিত হয়ে পড়ে।
সরকারি সহায়তার বার্তা পেয়ে আবেগপ্লুত বাবা নাহিদ হাসান জানান, "স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নিজে ফোন দিয়ে চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন এবং দ্রুত ঢাকায় নিতে বলেছেন। এতে আমরা নতুন আশার আলো খুঁজে পেয়েছি। আমরা সোমবারেই ঢাকার উদ্দেশে রওনা হচ্ছি।"
সময়মতো উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে জয়নব ও উম্মে কুলসুম সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে—এমন প্রত্যাশায় এখন নতুন করে বুক বাঁধছে পরিবারটি।
এআইএল/সকালবেলা
|