বর্ষা শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
বর্ষা শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

দেশে বর্ষা মৌসুম শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি থাকলেও এরই মধ্যে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়তে শুরু করেছে। সাধারণত বর্ষা ও এর পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও এবার সময়ের আগেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী (১২ মে), গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ জন, উত্তর সিটি করপোরেশনে ২ জন এবং বরিশাল বিভাগে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১২ মে পর্যন্ত মোট ২ হাজার ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬২.৫ শতাংশ পুরুষ এবং ৩৭.৫ শতাংশ নারী। এ পর্যন্ত ২ হাজার ৬৩৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৈশাখ মাসের শেষ দিকে হওয়া বৃষ্টি এডিস মশার বংশবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে, যা বর্ষার আগেই পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলতে পারে।

বর্ষা মৌসুমের আগেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি না নিলে আগামী মাসগুলোতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন