পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ : অর্থমন্ত্রী
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের সময় এই ঐতিহাসিক ঘোষণা ও আইনি প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বিগত সরকারগুলোর স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেন, “আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে যে, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা এবং যথাযথ পরিকল্পনার অভাবে দেশজুড়ে নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে শিশু মৃত্যুর মতো অত্যন্ত হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যেই দেশজুড়ে প্রায় শতভাগ শিশুকে সফলভাবে হাম-রুবেলা টিকা প্রদান নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
মেডিকেল শিক্ষার গুণগত মান পরিবর্তন ও একে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে বাজেটে বড় ধরনের সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। অর্থমন্ত্রী জানান, ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও ভবিষ্যৎমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে।
পাশাপাশি, দেশের নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়াতে নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স কোর্সের আসন সংখ্যা ও প্রাতিষ্ঠানিক সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হচ্ছে।
তৃণমূল পর্যায়ে চিকিৎসা নেটওয়ার্ক শক্তিশালী করতে নতুন করে যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, তার একটি বড় অংশজুড়ে থাকছেন নারীরা। অর্থমন্ত্রী উল্লেখ করেন, এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার প্রায় ৮০ শতাংশ পদই নারীদের জন্য সংরক্ষিত থাকবে, যা দেশের সামগ্রিক নারী ক্ষমতায়ন ও গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
উল্লেখ্য, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যের এবারের প্রস্তাবিত সামগ্রিক জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সামগ্রিক বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে পূরণ করা হবে।
জান্নাত সকালবেলা
|