চিকিৎসক-নার্স না থাকায় ক্লিনিকের কার্যক্রম বন্ধ, জরিমানা ৪০ হাজার
বিশেষ প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে কোনো চিকিৎসক ও নার্স না পাওয়ায় একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিমের নেতৃত্বে পুঠিয়া উপজেলায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে স্বাস্থ্যসেবার শর্ত পূরণ না করা ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ফাতেমা ক্লিনিক এবং নিরাময় ক্লিনিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে, রিজিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক বা নার্সকে না পেয়ে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রমে স্থগিতাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ক্লিনিকে ভর্তি থাকা রোগীদের নিরাপদে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম জানান, সাধারণ রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং অনুমোদনহীন ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের এই ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশসহ জেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা