নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, দুইদিনে হাসপাতালে ১৪২ রোগী
মোল্লা মোঃ আরিফুল ইসলাম, নাটোর: নাটোরে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত বুধবার থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ডায়রিয়ার উপসর্গ নিয়ে মোট ১৪২ জন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কেবল বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ১০৬ জন রোগী ভর্তি হন, যার মধ্যে ৫০ জন পুরুষ এবং ৪৭ জন নারী ও শিশু রয়েছে। এরপর শুক্রবার বিকেল পর্যন্ত নতুন করে আরও ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। আক্রান্তদের বড় একটি অংশ নাটোর পৌর এলাকার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা। হঠাৎ বিপুলসংখ্যক রোগী ভর্তি হওয়ায় ডায়রিয়া ওয়ার্ডসহ সংশ্লিষ্ট বিভাগে অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুবুর রহমান জানান, রোগীদের প্রদেয় চিকিৎসা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ডায়রিয়া দেখা দিলে দ্রুত খাবার স্যালাইন গ্রহণ ও হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
পরিস্থিতি সম্পর্কে নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী মজুত রয়েছে। আতঙ্কিত না হয়ে সবাইকে বিশুদ্ধ পানি পান, বাসি-খোলা খাবার পরিহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এআইএল/সকালবেলা