গোপালগঞ্জ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ
গোপালগঞ্জ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।

নিহত প্রীতম গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের প্রসেনজিতের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। পরে গত মঙ্গলবার (২ জুন) রাত ১১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ।

মেডিকেল কলেজ ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। জেলায় এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬৯ জন। এছাড়া সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন