দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত
জেলা প্রতিনিধি, চাঁদপুর: দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে জামাল মিয়া (৩৮) নামের এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে দেশটির রাজধানী প্রিটোরিয়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জামাল মিয়ার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের ছিডু মিয়া বেপারির ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। পরবর্তীতে তিনি দেশটির রাজধানী এলাকায় একটি সুপারশপের ব্যবসা শুরু করেন। গত বুধবার মধ্যরাতে দোকান বন্ধ করার সময় সশস্ত্র দুর্বৃত্তরা তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অতর্কিত গুলি চালিয়ে তাঁকে হত্যা করে। খবর পেয়ে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে জামালের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের আকুল আবেদন জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
এআইএল/সকালবেলা