সৌদি আরবে সিলেটি যুবক খুন, অভিযুক্তরা পলাতক
সিলেট ব্যুরো: সৌদি আরবের রিয়াদে রুমমেটদের সাথে বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক সিলেটি প্রবাসী যুবক খুন হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তাঁর তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে গত ফেব্রুয়ারিতে সৌদি আরবে যান মতিউর। রিয়াদের হারা এলাকায় একটি বাসায় অন্য তিন প্রবাসীর সাথে থাকতেন তিনি। দুই-তিন দিন আগে রান্না করা ও ঘুমানোর জায়গা নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। সোমবার রাতে কাজ শেষে বাসায় ফিরলে ওই পুরোনো বিরোধ নিয়ে ফের তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউরকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই কক্ষে থাকা অভিযুক্ত তিন যুবক পালিয়ে যান।
এআইএল/সকালবেলা