মার্কিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হলেন ফেনীর ড. মজিবুল

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
মার্কিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হলেন ফেনীর ড. মজিবুল

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ইন্টিগ্রেটিভ মেডিসিন গবেষক ও বিশিষ্ট ন্যাচারোপ্যাথিক চিকিৎসক ড. মজিবুল হক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) হেলথ সায়েন্স (ইন্টিগ্রেটিভ মেডিসিন) বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ স্বাগত জানায়।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. মজিবুল হক বলেন, “শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ হিসেবে আমি এই দায়িত্বকে দেখছি। ইন্টিগ্রেটিভ মেডিসিন বিষয়ে দীর্ঘদিনের গবেষণা ও ক্লিনিক্যাল অভিজ্ঞতার আলোকে চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং বিশ্বব্যাপী স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে আমি কাজ করে যেতে চাই।”

বাংলাদেশের ফেনী জেলায় জন্মগ্রহণকারী ড. মজিবুল হকের শিক্ষাজীবন শুরু হয় দেশে। তিনি সোনাগাজীর ঐতিহ্যবাহী আল হেলাল একাডেমীর প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ১৯৯৯ সালে অর্গানিক কেমিস্ট্রিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন–মিলওয়াকি থেকে বায়ো-অর্গানিক (মেডিসিনাল) কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চে ড্রাগ ডিসকভারি গবেষণার ওপর পোস্টডক্টরাল প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড মেডিকেল স্কুলের বিভিন্ন শিক্ষা কার্যক্রমে পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন।

গবেষণার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যগত অভিজ্ঞতা থেকে ইন্টিগ্রেটিভ ও ন্যাচারোপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে তিনি এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন এবং আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস বোর্ড থেকে ‘ডক্টর অব ন্যাচারোপ্যাথি’ স্বীকৃতি অর্জন করেন।

ড. মজিবুল হক ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ইউনিভার্সিটি অব উইসকনসিন, হিউস্টন কমিউনিটি কলেজ এবং হিউস্টন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সাথে পাঠদান করেছেন। বর্তমানে ডব্লিউইউএসটিতে অধ্যাপনার পাশাপাশি তিনি একটি বায়োমেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল রিসার্চ ব্যবস্থাপক এবং একটি ইন্টিগ্রেটিভ মেডিসিন প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নিজ দেশের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ২০১৯ সালে তিনি বাংলাদেশে ‘আমেরিকান ওয়েলনেস সেন্টার’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি পুষ্টি, জীবনযাপনভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা এবং ইন্টিগ্রেটিভ মেডিসিন বিষয়ে আধুনিক সেবা ও পরামর্শ প্রদান করে আসছে। ড. হকের গুরুত্বপূর্ণ গবেষণাকর্ম বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি দেশে-বিদেশে নিয়মিত স্বাস্থ্যবিষয়ক সেমিনার, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে থাকেন।

এমজেএইচএম/সকালবেলা

মন্তব্য করুন