সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে সরকারের জরুরি বিজ্ঞপ্তি
অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ও নাগরিকদের চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অতি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি সরকার কর্তৃক নির্দেশিত সকল নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে বলা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়, চলমান পরিস্থিতি-সংক্রান্ত যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব, এক্স ইত্যাদি) আদান-প্রদান করা সৌদি আরবের আইনে মারাত্মক ও শাস্তিযোগ্য অপরাধ। দেশের আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো স্পর্শকাতর বিষয় নিয়ে কনটেন্ট প্রচার বা শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জনবহুল ও ঝুঁকিপূর্ণ স্থানসমূহ এড়িয়ে চলার আহ্বান জানায় দূতাবাস।
প্রবাসীদের জন্য জরুরি প্রয়োজনে সহায়তার উদ্দেশ্যে কয়েকটি হটলাইন নম্বর চালু করা হয়েছে: শ্রম সংক্রান্ত: ৮০০১০০০১২৫ (টোল ফ্রি) পাসপোর্ট সংক্রান্ত: ৮০০১০০০১২৬ (টোল ফ্রি) ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪ মৃত্যু সংক্রান্ত জরুরি সহায়তায়: +৯৬৬৫৭০২১২১৮০
যেকোনো সময়ের হালনাগাদ তথ্যের জন্য সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা