পীরগাছায় পুকুরে বিষ দিয়ে ১৫ মণ মাছ নিধনের অভিযোগ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ১৫ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পুকুর মালিক সাহেব উদ্দিন।
এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় এলাকায়। অভিযুক্তরা হলেন একই এলাকার মাহামুদ জিয়ারুল ও তাঁর স্ত্রী শরিফা খাতুন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব উদ্দিনের বাড়ির পাশে ৪৪ শতক জমিতে একটি পুকুর রয়েছে। দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ চলছে। পূর্বেও একইভাবে মাছ মেরে ফেলার ঘটনায় আদালতে সিআর মামলা (মামলা নং- ৩৭১/২৬) করেন সাহেব উদ্দিন, যা বর্তমানে তদন্তাধীন। ওই মামলার পর থেকেই অভিযুক্তরা মাছের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন।
সাহেব উদ্দিন অভিযোগ করে বলেন, বুধবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে অভিযুক্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেন। ভোরে ফজরের নামাজ শেষে পুকুরপাড়ে গিয়ে প্রচুর মাছ ভেসে উঠতে দেখা যায়। পরে এ নিয়ে কথা বলতে গেলে তাঁকে উল্টো গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মাহামুদ জিয়ারুল দাবি করেন, আগের মামলার জের ধরে তাঁকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা