ঢাবির নেকাববিদ্বেষী বিতর্কিত সেই শিক্ষিকাকে অব্যাহতি

প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
ঢাবির নেকাববিদ্বেষী বিতর্কিত সেই শিক্ষিকাকে অব্যাহতি

বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের এক নেকাব পরিহিত ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট শিক্ষক সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের একাডেমিক ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষকের পরিচালিত কোর্সগুলো অন্য শিক্ষকদের মাঝে পুনর্বণ্টন করা হয়েছে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বিভাগীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) ইংরেজি বিভাগের মাস্টার্সের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীকে উদ্দেশ্যে করে শিক্ষক তাসনিম সিরাজ মাহবুব বিতর্কিত মন্তব্য করেন। তিনি ওই ছাত্রীকে পেছনে গিয়ে বসতে বলেন এবং তাঁকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন। এমনকি নেকাব পরা কেউ তাঁর ওপর আক্রমণ চালাতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনার প্রতিবাদে প্রথমে ভুক্তভোগী ছাত্রী এবং পরবর্তীতে অন্য শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বেরিয়ে যান।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সুমি আক্তার নামে এক প্রতিবাদী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, অনার্স ও মাস্টার্স জুড়ে শিক্ষকরা ধর্মীয় স্বাধীনতাকে সম্মান জানালেও উক্ত শিক্ষকের মন্তব্য অত্যন্ত অবমাননাকর।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে জরুরি সভা ডেকে ওই শিক্ষকের ক্লাস পুনর্বণ্টন করা হয়েছে। চূড়ান্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের এখতিয়ারভুক্ত হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ে সুপারিশ করা হয়েছে।

এআইএল/সকালবেলা