রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ জেলেকে জরিমানা
মেহেদী মাছুম (রায়পুর, লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর মধ্যে ১১ জেলেকে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আটক অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা অবৈধ কারেন্ট জাল সাজু মোল্লার মাছঘাটে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করে আইনশৃঙ্ক্ষলা বাহিনী।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইন। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ পুরোপুরি নিষিদ্ধ। প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে নদীতে নিয়মিত টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা