কুষ্টিয়ায় কুকুরের কামড়ে এক ঘণ্টায় ৩৩ জন হাসপাতালে

প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
কুষ্টিয়ায় কুকুরের কামড়ে এক ঘণ্টায় ৩৩ জন হাসপাতালে

কাঞ্চন কুমার (কুষ্টিয়া প্রতিনিধি): কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৩৩ জন পথচারী আহত হয়েছেন। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে কুমারখালী শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড় এবং চড়াইকোল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালো রঙের একটি পাগলা কুকুর শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে ঘুরে ঘুরে পথচারীদের ওপর হামলা চালায়। আচমকা কুকুরের কামড় ও আঁচড়ে পথচারীরা রক্তাক্ত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হঠাৎ এত বিপুল সংখ্যক রোগী আসায় হাসপাতাল প্রাঙ্গণে স্বজন ও ভুক্তভোগীদের উপচে পড়া ভিড় জমে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, রাত সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৩৩ জন কামড় ও আঁচড়ের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। অনেকের শরীরে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে ২৭ জনকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বাকিদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার জানান, এক কুকুরের কামড়ে বিপুল সংখ্যক মানুষ আহত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। পাগলা কুকুরটিকে দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা