প্রথমবার লিসবন মাতাবেন জেমস

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
প্রথমবার লিসবন মাতাবেন জেমস

বিনোদন প্রতিবেদক: ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো সুরের জাদু ছড়াতে আসছেন বাংলা রক সংগীতের কিংবদন্তি নগর বাউল জেমস। আগামী ২৬ জুলাই লিসবনের জনপ্রিয় ভেন্যু ‘লিসবোয়া উয়ু ভিভো’-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীত আয়োজন ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’।

আয়োজনের খুঁটিনাটি: আয়োজক প্রতিষ্ঠান ‘কাসা দো বাংলাদেশ’ এবং ‘নোটিসিয়া বাংলা’ জানিয়েছে, পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি হবে এযাবৎকালের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ কনসার্ট। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে জেমস তাঁর কালজয়ী গানগুলো পরিবেশন করবেন।

প্রস্তুতি ও সংবাদ সম্মেলন: কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দিতে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় লিসবনের ‘লিটনস তুর্কিশ গ্রিল’-এ একটি সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা মনে করছেন, জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর এই অংশগ্রহণ প্রবাসীদের মধ্যে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করবে এবং সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করবে।

ভক্তদের উন্মাদনা: অস্ট্রেলিয়া সফরের খবরের পর এবার পর্তুগাল সফরের সংবাদে জেমস ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রিয় শিল্পীকে বিদেশের মাটিতে সরাসরি দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না প্রবাসীরা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন