আলীকদমে গাঁজাসহ নারী আটক

আলীকদমে গাঁজাসহ নারী আটক

মো: ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে পুলিশের এক বিশেষ অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ নন্দী তংচংগ্যা (২৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভারত মোহন পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই মোঃ হারুন, এসআই আব্দুস ছালাম এবং এএসআই রাজীবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সঙ্গীয় নারী ফোর্সের সহায়তায় ১নং সদর ইউনিয়নের ভারত মোহন পাড়ায় অভিযান চালায়। এসময় ওই এলাকার বাসিন্দা নন্দী তংচংগ্যার বসতঘর তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত নন্দী তংচংগ্যা ওই এলাকার জানিপু তংচংগ্যার স্ত্রী। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে মাদক মজুত রেখে ব্যবসা চালিয়ে আসছিলেন। আটককৃত নারী ও উদ্ধারকৃত গাঁজা বর্তমানে আলীকদম থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

আলীকদম থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এবং সমাজকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন