ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সোনরগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: উপমহাদেশের প্রথম হাদিস চর্চাকেন্দ্র ও প্রাচীনতম উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের ‘সোনারগাঁ ইসলামি বিশ্ববিদ্যালয়’ এখন ধ্বংসের মুখে। ১৩ শতাব্দীতে প্রতিষ্ঠিত এই জ্ঞানকেন্দ্রটির শেষ স্মৃতিচিহ্নটুকুও অযত্ন ও সংরক্ষণের অভাবে বিলীন হয়ে যাচ্ছে।
ঐতিহাসিক প্রেক্ষাপট: উজবেকিস্তান থেকে আসা প্রখ্যাত আলেম, সমাজ সংস্কারক ও ইসলামি আইনবিদ শেখ শরফ উদ্-দীন আবু তাওয়ামা (রহ.) ১২৭৭ খ্রিষ্টাব্দের দিকে বাংলায় আসেন। তাঁর নেতৃত্বে তৎকালীন বাংলার রাজধানী সোনারগাঁ ইসলামি শিক্ষা ও জ্ঞানচর্চার বিশ্বখ্যাত কেন্দ্রে পরিণত হয়। তিনি এখানে একটি খানকাহ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা অচিরেই বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে। একসময় এই বিদ্যাপীঠে শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারে পৌঁছেছিল।
আন্ধারকোঠা ও বর্তমান অবস্থা: বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ গ্রন্থাগার ও মূল ভবনের কোনো ধর্মীয় কার্যক্রম এখন আর নেই। জরাজীর্ণ যে অংশটুকু টিকে আছে, তাকে স্থানীয়রা ‘আন্ধারকোঠা’ নামে চেনেন। ভবনটির ভেতরে আলো-বাতাস প্রবেশ করতে পারে না এবং এটি দিন দিন মাটির নিচে ধসে যাচ্ছে। সংস্কারের অভাবে উপমহাদেশের প্রাচীনতম এই ইলমে নববির আলোক শিখার শেষ চিহ্নটুকুও এখন বিলীন হওয়ার পথে।
শায়খের মাজার ও ভক্তদের ভিড়: শেখ আবু তাওয়ামা ১৩০০ খ্রিষ্টাব্দে সোনারগাঁয়ে ইন্তেকাল করেন। মোগরাপাড়া ইউনিয়নের দরগাবাড়ি এলাকায় তাঁর মাজার অবস্থিত। সারিবদ্ধ ছয়টি কবরের মধ্যে সবুজ রঙের মাজারটি তাঁর। প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও ভক্ত মাজার জিয়ারতে এখানে ভিড় করেন। তাঁর পাশে হজরত ইব্রাহীম দানেশমান্দ (রহ.)-সহ অন্য বুজুর্গদের সমাধি রয়েছে।
সংরক্ষণের দাবি: গবেষক ও স্থানীয় আলেমদের মতে, এটি কেবল বাংলাদেশের নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য এক গর্বের স্থান। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা জানিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে এই মাজার ও বিশ্ববিদ্যালয় এলাকাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয়রা অতি দ্রুত এই ঐতিহাসিক প্রত্নসম্পদ সংস্কার ও সুরক্ষার দাবি জানিয়েছেন।
যাতায়াত ব্যবস্থা: ঢাকা থেকে গুলিস্তান হয়ে বাসে করে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে রিকশা বা অটোরিকশাযোগে মোগরাপাড়া বাজার পার হয়ে দরগাবাড়ি গেলেই দেখা মিলবে এই ঐতিহাসিক মাজার ও প্রাচীন স্মৃতিচিহ্নের।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ