ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।
রোববার (১২ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন জেলার সংবাদকর্মীরা।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে সিভিল সার্জন কার্যালয়সহ জেলার সকল সরকারি দপ্তরের সংবাদ বর্জন করার ঘোষণা দেওয়া হয়েছে।
জানা গেছে, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোগ্রাফার মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করেন এনটিভি’র স্টাফ রিপোর্টার ও দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি’র জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ। এই দুর্নীতির ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত মিজানুর রহমান উল্টো ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে একটি ‘মিথ্যা’ মামলা দায়ের করেন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করে বলেন, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান গত ৩৮ বছর ধরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন। একজন তৃতীয় শ্রেণির কর্মচারী কয়েকবার বদলির আদেশ হওয়ার পরও কীভাবে একই কর্মস্থলে ৩৮ বছর ধরে অবস্থান করছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বক্তারা দাবি করেন, জেলার প্রতিটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মিজানের দুর্নীতির কাছে জিম্মি। এই ঘুষের টাকার ভাগ আর কারা পায়, জেলা প্রশাসককে সেই জবাব দিতে হবে।
মানববন্ধন থেকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে অভিযুক্ত মিজানুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় জেলার সকল সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয়।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্যসহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ