ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার পৌর এলাকায় মশা তাড়াতে জ্বালানো তুষের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার মাদরাসা পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডে অন্তত সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্তরা হলেন—মৃত আব্দুল হাই মাস্টারের দুই ছেলে জুতা ব্যবসায়ী মো. আব্দুল ওয়াজেদ আনছারি এবং বাদাম ব্যবসায়ী মো. আব্দুল ওয়ারেছ আনছারি।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের প্রবীণ সদস্য মোছা. খাদিজা বেগম মাগরিবের নামাজের আগে মশার উপদ্রব থেকে বাঁচতে তুষে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করেন। পরে তিনি নামাজে দাঁড়ালে অসতর্কতাবশত আগুন পাশে থাকা একটি চিপসের প্যাকেটের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরসহ আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ সময় ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কাজে সহযোগিতা করে।
ডোমার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামাল হোসেন জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আগুনের হাত থেকে উদ্ধার করা গেছে বলে তিনি উল্লেখ করেন।
তুষের আগুন থেকে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ