ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, গত ৫ তারিখ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় কর্মসূচি শুরু হয়েছে এবং আজ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণসহ মোট চারটি সিটি কর্পোরেশনে একযোগে এই কার্যক্রম শুরু হলো।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে দ্রুততম সময়ের মধ্যে আইসিইউ ইউনিট চালুর ঘোষণা দেন এবং এই উদ্যোগে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। টিকাদান কর্মসূচির বিস্তারিত তুলে ধরে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ৪ লক্ষ ২ হাজার ৪৫৬ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে ৫৪০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। আগামী ১১ মে পর্যন্ত মাসব্যাপী এই কার্যক্রম চলবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব হামের প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এই কর্মসূচিকে সফল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে মাঠ পর্যায়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ খিলগাঁওস্থ নগর মাতৃসদন কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ