ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা) প্রতিনিধি: জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে বরগুনার আমতলী উপজেলার জনপ্রিয় ‘কৃষি রেডিও ৯৮.৮ এফএম’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত পহেলা এপ্রিল কৃষি তথ্য সার্ভিস (খামারবাড়ি)-এর পরিচালক মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই সম্প্রচার বন্ধ করা হয়। এই খবরে উপকূলের প্রায় পাঁচ লক্ষাধিক শ্রোতার মধ্যে চরম হতাশা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
২০১২ সালের পহেলা জানুয়ারি আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি রেডিওর যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই এটি বরগুনা ও পটুয়াখালীর উপকূলীয় কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়। জেলেরা এই রেডিওর আবহাওয়ার পূর্বাভাসের ওপর নির্ভর করে সাগরে মাছ ধরতে যেতেন এবং কৃষকরা চাষাবাদের সিদ্ধান্ত নিতেন। রেডিওটি বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা গুরুত্বপূর্ণ তথ্য ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন।
নাচনাপাড়া গ্রামের কৃষক মো. কামাল মোল্লা বলেন, “কৃষি রেডিও ছিল প্রান্তিক মানুষের তথ্যের একমাত্র মাধ্যম। আবহাওয়ার খবর জানতে এর বিকল্প ছিল না। এটি বন্ধ হওয়ায় আমরা বড় ধরনের ভোগান্তিতে পড়েছি।” জেলে সাইদুল বয়াতি জানান, রেডিওর পূর্বাভাস শুনে তারা নদীতে মাছ ধরতে যেতেন, এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আমতলী কৃষি রেডিওর স্টেশন ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) শেখ হাবিবুর রহমান জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ সাময়িকভাবে সম্প্রচার বন্ধ রেখেছে। খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিসের উপ-পরিচালক ফেরদৌসী ইয়াসমিন বলেন, “মূলত অর্থনৈতিক সংকটের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে। বরাদ্দ পেলে পুনরায় চালু করা হবে।”
তবে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মশীহুর রহমান আশ্বস্ত করে বলেন, খুব দ্রুতই কৃষি রেডিও পুনরায় চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, কৃষি রেডিওর গুরুত্ব বিবেচনা করে এটি পুনরায় চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত চিঠি পাঠানো হবে। উপকূলীয় পাঁচ লক্ষাধিক মানুষের স্বার্থে এই তথ্যসেবা দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ