ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুস্থ ও অস্বচ্ছল পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে গবাদি পশু (ছাগল) এবং ছাগলের ঘর তৈরির সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে ঘোড়াঘাট উপজেলা পরিষদ মাঠে সমাজকল্যাণ এবং শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে মোট ২২ জন অস্বচ্ছল আদিবাসী পরিবারকে ২টি করে ছাগল এবং ঘর তৈরির জন্য নগদ ২ হাজার টাকা করে মোট ৪৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ছাগলের ঘর তৈরির জন্য প্রয়োজনীয় ঢেউটিনও সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “এটি আপনাদের জন্য শেষ সতর্কবার্তা। কোনো ধরনের চাঁদাবাজি, ভূমি দখল, লুটপাট বা সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।” তিনি আরও স্পষ্ট করে বলেন যে, কেউ সরকারি নির্দেশনা অমান্য করে এসব অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নারীরা অর্থনৈতিকভাবে মুক্তি পেলে পুরো সমাজের জীবনযাত্রার মান পরিবর্তন হবে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আহমদ শামিম হোসেন চৌধুরী এবং ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস ছাত্তার মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ