আলীকদমে বিজু উৎসব শুরু

আলীকদমে বিজু উৎসব শুরু

মো. ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে ঐতিহ্যবাহী বিজু উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) সকাল ৮টায় মাতামুহুরি ব্রিজ সংলগ্ন নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের এই প্রধান সামাজিক উৎসব শুরু হয়।

সকাল থেকেই মাতামুহুরি নদীর তীরে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সমবেত হতে থাকেন। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তারা নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের সকল দুঃখ, কষ্ট ও গ্লানিকে বিদায় জানান। একই সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বিজু উৎসব পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। এটি মূলত পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করার একটি প্রতীকী আয়োজন। ফুল বিসর্জনের মাধ্যমে তারা প্রকৃতি ও জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোর জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

তিনদিনব্যাপী এই বিজু উৎসবের বিভিন্ন পর্যায় রয়েছে। এর মধ্যে রয়েছে ফুল বিজু, মূল বিজু ও গোজ্যাপোজ্যা দিন—যা পার্বত্য অঞ্চলের মানুষের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। আলীকদমের এই উৎসব দেখতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও ভিড় লক্ষ্য করা গেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন