ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর একদিনে ৫০ অভিযান

ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর একদিনে ৫০ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের মুখে পাল্টাপাল্টি বড় ধরনের হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমের কঠোর বার্তার পর ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একদিনেই অর্ধশতাধিক অভিযান পরিচালনা করে গোষ্ঠীটি। খবর আল জাজিরার।

হিজবুল্লাহর স্থানীয় টেলিভিশন চ্যানেল আল-মানারে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননের মাটিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর ৫০টিরও বেশি হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ‘শেষ নিঃশ্বাস’ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত এবং ইসরায়েলের ক্রমবর্ধমান স্থল অভিযান রুখে দিতে তারা বদ্ধপরিকর। একদিকে যখন যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার খবর পাওয়া যাচ্ছে, ঠিক তখনই যুদ্ধক্ষেত্রে এই হামলার তীব্রতা বাড়ল। হিজবুল্লাহর এই ব্যাপক হামলা ও ইসরায়েলের অনড় অবস্থান মঙ্গলবার অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ভিত্তিক শান্তি আলোচনাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

লেবানন সরকার ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে চাইলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সরাসরি সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সঙ্গে কোনো চুক্তিতে যেতে রাজি নয়, যা শান্তির পথে বড় বাধা হিসেবে কাজ করছে। খবর আল জাজিরার।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন