ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও: দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে সোহান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জোহানসবার্গের কেতলেহং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহান ঠাকুরগাঁও জেলার রাণিশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সোহান। সেখানে তিনি একটি মুদি দোকানে কাজ করতেন। ঘটনার দিন রাতে দোকানে হঠাৎ লোডশেডিং হলে মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। ঠিক সেই মুহূর্তে ওত পেতে থাকা সন্ত্রাসীরা অন্ধকারে সোহানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছেলের অকাল মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে সোহানের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। নিহতের বাবা দুলাল হোসেন আহাজারি করে বলেন, “আমি আমার ছেলেকে শেষবারের মতো একবার দেখতে চাই। তার লাশটা যেন দেশে এনে দাফন করতে পারি, সেজন্য সরকারের সহযোগিতা কামনা করছি।”
সোহানের মা কান্নজড়িত কণ্ঠে বলেন, “ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কষ্ট করে ধারদেনা করে তাকে বিদেশ পাঠিয়েছিলাম। আজ সব স্বপ্ন শেষ হয়ে গেল। জীবিত ছেলেকে তো আর পাবো না, অন্তত ওর মুখটা যেন শেষবার দেখতে পাই।”
স্থানীয় ইউপি সদস্য জানান, সোহান ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পুরো পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এলাকাবাসী দ্রুত সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
পরিবারের সদস্যরা আশা করছেন, সরকারি সহায়তায় দ্রুত সময়ের মধ্যে সোহানের মরদেহ দেশে আনা সম্ভব হবে এবং তাকে নিজ গ্রামে যথাযথ ধর্মীয় মর্যাদায় দাফন করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ