ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান ‘এয়ার ফোর্স টু’-তে করে গতকাল শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা দেয় প্রতিনিধিদলটি। প্রতিনিধিদলে ভ্যান্স ছাড়াও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারসহ যুক্তরাষ্ট্রের আরও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। ওয়াশিংটন থেকে রওনা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি প্রতিনিধিদলকে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন।
এদিকে, মার্কিন প্রতিনিধিদলের আগমনের আগেই ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ইরানি প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইসহ মোট ৭১ কর্মকর্তা।
উভয় দেশের উচ্চপর্যায়ের এই উপস্থিতিকে কেন্দ্র করে ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে কোনো কার্যকর চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ