যানজটে থমকে গেল তৌহিদের স্বপ্ন

যানজটে থমকে গেল তৌহিদের স্বপ্ন

নোবিপ্রবি প্রতিনিধি: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারলেন না তৌহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। যানজটের কবলে পড়ে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর কেন্দ্রে পৌঁছানোয় তাকে হলে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। 

শুক্রবার (১০ এপ্রিল) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপকেন্দ্রের অধীনে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় সারাদেশে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। তৌহিদুলের পরীক্ষার কেন্দ্র ছিল নোয়াখালী সরকারি কলেজের অনার্স ভবন-২-এ। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে স্বপ্ন পূরণের লক্ষ্যে কেন্দ্রে রওনা দিলেও পথের যানজট ও পরিবহন সংকট তার পথের বাধা হয়ে দাঁড়ায়। কেন্দ্রে পৌঁছাতে পৌঁছাতে পরীক্ষার নির্ধারিত সময় থেকে ৪০ মিনিট অতিবাহিত হয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী তৌহিদুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমি অনেক দূর থেকে এসেছি। পথে ভয়াবহ যানজটের কারণে সময়মতো পৌঁছাতে পারিনি। সামান্য দেরির জন্য আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হলো না, এটা মেনে নিতে পারছি না। আমার এতদিনের পরিশ্রম আর স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে গেল।”

এ বিষয়ে কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ভর্তি পরীক্ষার কঠোর নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশের সুযোগ দেওয়ার বিধান নেই। পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতেই আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৌহিদুলের এই স্বপ্নভঙ্গের ঘটনায় উপস্থিত অভিভাবক ও অন্য শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও সহমর্মিতা দেখা গেছে। সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছানোর গুরুত্ব বারবার মনে করিয়ে দিলেও যানজটের মতো অনিয়ন্ত্রিত পরিস্থিতির কাছে হার মানল এক মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন