বরিশালে হামে আরও ২ শিশুর মৃত্যু

বরিশালে হামে আরও ২ শিশুর মৃত্যু

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গে মোট শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মৃত দুই শিশুর মধ্যে সাদিয়া (২) বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের রাজীবের মেয়ে এবং রাকিব (৯ মাস) বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে।

শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনিদ জানান, শিশু দুটি গত ৮ এপ্রিল হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। শুক্রবার সকালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, শুধু এই হাসপাতালেই এখন পর্যন্ত হাম উপসর্গে ৬ জন শিশু প্রাণ হারিয়েছে।

হাসপাতাল পরিচালকের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ৯২ জন শিশু হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ৩১ জন। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ জন। এ পর্যন্ত হাসপাতালটিতে মোট ৩৪১ জন হাম উপসর্গযুক্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

বরিশাল স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের এই মৃত্যু ও আক্রান্তের হার নিয়ন্ত্রণে বিশেষ মেডিকেল টিম কাজ করছে। তবে শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন