ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরে সরকারি ‘মিড ডে মিল’ প্রকল্পের আওতায় সরবরাহকৃত নিম্নমানের খাবার খেয়ে সদর উপজেলার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ ৬ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পোকরারচর, রাজারচর, হাউজদি ও করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট পাঁচটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দুপুরে শিক্ষার্থীদের টিফিন হিসেবে পাউরুটি ও ডিম দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থদের মধ্যে ৬ জনকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয় এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।
অভিভাবকদের অভিযোগ, সরবরাহকৃত পাউরুটি ছিল মেয়াদোত্তীর্ণ এবং ডিমগুলো ছিল পচা। রুটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এবং সেদ্ধ ডিম থেকে পানি পড়ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "বাচ্চাদের বিষ খাওয়ানো হয়েছে। দুর্গন্ধযুক্ত খাবার খেয়েই আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়েছে।"
পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন চৌধুরী জানান, তার বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শিক্ষার্থীরা জানিয়েছে, পাউরুটি খাওয়ার পর থেকেই তাদের পেটে ব্যথা শুরু হয়।
মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ মারুফ হোসেন বলেন, "বিকেল পর্যন্ত আমরা পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার তথ্য পেয়েছি। খাবার সরবরাহকারী ডিলারদের আগে সতর্ক করা হলেও তারা তা আমলে নেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, "শিশুদের খাবার সরবরাহে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সরবরাহকৃত খাবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দিয়ে পরীক্ষা করানো হবে। নিম্নমানের খাবার পরিবেশনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ