ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রিপন হালদার, স্টাফ রিপোর্টার: মোংলায় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ তেল মজুদের গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে মোংলা পৌর এলাকায় র্যাব-৬ এবং উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১ হাজার লিটার জ্বালানি তেল এবং বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, পৌর এলাকার ‘ইউসুফের তেলের গুদাম’ থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরবর্তীতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ‘শোভা স্টোর’ থেকে ৭৫ ব্যারেল এবং ‘মেসার্স জালাল স্টোর’ থেকে ১৩৫ ব্যারেল ভোজ্য তেল জব্দ করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে সঠিক মূল্য তালিকা না থাকা এবং সরকারি নিয়ম অমান্য করে পণ্য মজুত রাখার দায়ে পেট্রোলিয়াম ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত তেল দ্রুততম সময়ের মধ্যে বাজারে সরবরাহের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
মোংলা উপজেলা প্রশাসন জানিয়েছে, পবিত্র রমজান ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ