রংপুরে মাদক দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

রংপুরে মাদক দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

আবু রায়হান, রংপুর: রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন মাছুয়াপাড়া মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাকিব হাসান (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাকিব নগরীর বৈরাগী পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মোঃ মমিন (৪২) ও তার সহযোগীরা রাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয়দের দাবি, নিহত রাকিব পূর্বে অভিযুক্ত মমিনের সঙ্গে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং সেই সূত্রে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

নিহতের পরিবার জানিয়েছে, গত বছরের ১৪ নভেম্বর রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রধান আসামি ছিলেন আজকের হত্যাকাণ্ডে অভিযুক্ত মমিন মিয়া। ওই মামলার জের ধরে এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের অভিযোগ।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি পূর্ব বিরোধের ফল। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।

তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে এবং থানা ও ডিবি পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন