রংপুরে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

রংপুরে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

আবু রায়হান, রংপুর: কেন্দ্রঘোষিত ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় নগরীর প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা উপেক্ষা করছে। তারা বলেন, গণভোটের সেই রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করা হচ্ছে।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান বলেন, "জনগণের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু সরকার সংবিধানের কাঠামোগত সংস্কারের পরিবর্তে আংশিক সংশোধনের পথে হাঁটছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী।" তিনি অভিযোগ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা দুর্বল করে দিচ্ছে।

লিফলেটে ১১ দলীয় ঐক্য তাদের মৌলিক দাবিগুলো তুলে ধরে। যার মধ্যে রয়েছে—নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, সংসদে উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি আলামিন হাসান, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন কাদেরী শান্তি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন এবং জাতীয় ছাত্র শক্তির মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ জোটের অন্যান্য নেতাকর্মীরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন