ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ: অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং জ্বালানি তেলের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ক্যাব-এর সদস্যসহ সাধারণ মানুষ হাতে হাত ধরে তেলের কৃত্রিম সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় অংশগ্রহণকারীরা তেলের নৈরাজ্য বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ক্যাব-এর জেলা সভাপতি অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু এবং সাংগঠনিক সম্পাদক শেখ মহাব্বত-ই-আনোয়ার।
বক্তারা বলেন, "ব্যবসায়ীরা সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। সরকারকে অবশ্যই নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করতে হবে।" তারা আরও দাবি করেন, তেলের বাজারের প্রকৃত সিন্ডিকেট শনাক্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বাজারে নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করে মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
ভুক্তভোগী সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক করা এবং জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ