‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব’

‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব’

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে ইসমাইল হোসেন ফাউন্ডেশন। মানবিক সহায়তার এই উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটেছে।

শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকার কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে অর্থ সম্পাদক অধ্যক্ষ মো. রিপন মিয়া, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

 সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, “সমাজে অনেক মানুষ রয়েছেন যারা নানা কষ্ট ও অভাবের মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই মানবতার প্রকৃত শিক্ষা। সমাজের সচ্ছল মানুষরা যদি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে বৈষম্য অনেকটাই কমে আসবে এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।”

বক্তারা আরও উল্লেখ করেন, ইসমাইল হোসেন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। ঈদ উপহার হাতে পেয়ে উপস্থিত সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন