জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী আটক

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী আটক

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। আটক হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তানিয়ার সঙ্গে হোসেন তাইফুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ লেগেই ছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে তাইফুর ধারালো অস্ত্র দিয়ে তানিয়াকে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে এবং আলামত নষ্ট করতে ঘরের বিছানায় মরদেহ রেখে আগুন ধরিয়ে দেন তিনি।

এ সময় বাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে প্রতিবেশীরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর তানিয়ার রক্তাক্ত ও আংশিক দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

তানিয়ার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাইফুরের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহইয়া আল মামুন জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হোসেন তাইফুরকে আটক করে থানায় নিয়ে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন