ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মিজান বিশ্বাসের স্ত্রী পারভীনা বেগম। স্বামীর মৃত্যুর পর শোককে শক্তিতে রূপান্তর করে জীবনসংগ্রামে হার না মানা এক সাহসী নারীর উদাহরণ হয়ে উঠেছেন তিনি। দারিদ্র্যের চোখরাঙানি উপেক্ষা করে বেছে নিয়েছেন সম্মানের সাথে উপার্জনের পথ।
জীবিকার তাগিদে পারভীনা বেগম প্রতি হাটবারে মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজার ও রাজগঞ্জ বাজারের এক কোণে বসে জিরা, মশলা, আদা ও চুই বিক্রি করেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সামান্য এই আয়ে কোনোমতে সংসার চালালেও তার এই কঠোর পরিশ্রম আর তীব্র আত্মসম্মানবোধ তাকে সমাজের অন্য সবার থেকে আলাদা করে তুলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে অনেকেই অভাবের তাড়নায় ভিক্ষাবৃত্তি বা অনৈতিক পথে জড়িয়ে পড়লেও পারভীনা বেগম সততার পথ বেছে নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, নারীরা চাইলে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারে।
নিজের জীবনযুদ্ধ নিয়ে পারভীনা বেগম বলেন:
“আদা-চুই ও মশলা বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে ঠিকমতো সংসার চলে না। তারপরও অন্যের কাছে হাত না পেতে বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করি। শরীর চলে না, তবুও পেটের দায়ে ছুটতে হয়।”
বর্তমানে পবিত্র রমজান মাস চলছে এবং সামনেই ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে সংসারের বাড়তি খরচ সামলানো তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই কঠিন সময়ে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা চাইলে জাকাত, ফিতরা কিংবা সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে এই সংগ্রামী নারীর পাশে দাঁড়াতে পারেন।
পারভীনা বেগমকে সরাসরি সহযোগিতা করতে আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৪০৯ ১২৮৯৫৮।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ