নির্বাচনে ২১ শতাংশ জাল ভোটের তথ্য নিয়ে টিআইবির ব্যাখ্যা

নির্বাচনে ২১ শতাংশ জাল ভোটের তথ্য নিয়ে টিআইবির ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ শতাংশ জাল ভোট পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই বিভ্রান্তি দূর করে বলেছে, তাদের প্রকাশিত প্রতিবেদনের একটি নির্দিষ্ট পরিসংখ্যানকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বিজ্ঞপ্তিতে টিআইবি স্পষ্ট করে জানায়, তাদের মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশ থেকে ৭০টি আসন বেছে নেওয়া হয়েছিল। পর্যবেক্ষণে দেখা গেছে, এই নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে এক বা একাধিক জাল ভোট প্রদানের ঘটনা ঘটেছে। অর্থাৎ, এটি কোনোভাবেই মোট প্রদত্ত ভোটের হার নয়, বরং অনিয়ম হওয়া আসনের শতকরা হার। কিন্তু দুঃখজনকভাবে এই তথ্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে যে, পুরো নির্বাচনে মোট ভোটের ২১ দশমিক ৪ শতাংশই জাল। টিআইবি এই ব্যাখ্যাকে সম্পূর্ণ অমূলক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে।

এ বিষয়ে টিআইবি গণমাধ্যমগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, যে সব গণমাধ্যম ইতোমধ্যে এই ভুল তথ্য প্রকাশ করেছে, তাদের অতিদ্রুত সংশোধনী প্রকাশ করতে হবে। অন্যথায়, এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দুর্নীতিবিরোধী এই সংস্থাটি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন