ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মোবাইল ফোনে আসক্তি ও নামাজ না পড়ায় বাবার বকাঝকার ওপর অভিমান করে লামিয়া সরকার (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের চরকৈজুরী নতুন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং স্থানীয় চরকৈজুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, লামিয়ার বয়স যখন মাত্র ৯ মাস, তখন তার মা তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে সে সৎ মায়ের কাছে বড় হয়। সম্প্রতি লামিয়া মোবাইল ফোনে ফেসবুক ও টিকটকে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। মেয়ের এই আসক্তি কমাতে এবং ধর্মীয় পথে ফেরাতে বাবা সাইদুল সরকার তাকে নিয়মিত নামাজ পড়ার তাগিদ দিতেন। গত দুদিন আগে ফজরের ওয়াক্তে ডাকাডাকি করার পরও নামাজ না পড়ায় বাবা তাকে বকাঝকা করেন।
বাবার সেই বকাঝকার ওপর অভিমান করে গত দুদিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় লামিয়া। আজ সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে বাড়ির লোকজন টের পেয়ে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে।
খবর পেয়ে শাহজাদপুর থানার এসআই মন্তাজ ও এসআই এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শাহজাদপুর থানার এসআই এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবার ওপর অভিমান করেই ওই ছাত্রী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ওই এলাকায় ও শিক্ষার্থীর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ