ডিমলায় মুড়ি মিলে অভিযান: ৩৫ হাজার টাকা জরিমানা ও কেমিক্যাল ধ্বংস

ডিমলায় মুড়ি মিলে অভিযান: ৩৫ হাজার টাকা জরিমানা ও কেমিক্যাল ধ্বংস

মোঃ মকবুলার রহমান, ডোমার উপজেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত এক বিশেষ অভিযানে একটি মুড়ি মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে খাদ্য প্রস্তুতে ব্যবহৃত প্রায় ২০০ কেজি অস্বাস্থ্যকর কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডিমলা গার্লস স্কুল সংলগ্ন ‘আদিল মুড়ি মিলে’ এই অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের একটি বিশেষ টিম আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখতে পায়, মিলটিতে সংরক্ষিত বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল (হাইড্রোজ) মুড়ি সাদা ও বড় করতে ব্যবহার করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে ওই মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ উপকরণ জব্দ করে জনস্বার্থে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে কারখানায় নোংরা পরিবেশ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের আরও বেশ কিছু প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে মিলের মালিক লিজুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপকরণ ব্যবহার বা খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অনিয়ম করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তারা কঠোর সতর্কবার্তা দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল কিছু কারখানায় নিম্নমানের উপকরণ ব্যবহার করে মুড়ি প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং বাজার নিয়ন্ত্রণে এমন তদারকি নিয়মিত রাখার দাবি জানিয়েছেন।

সকালবেলা

মন্তব্য করুন