ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল খালিক (৭০) শনিবার রাতে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভীমখালী ইউনিয়নের হারারকান্দি (মল্লিকপুর) গ্রামের আব্দুল খালিকের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাইফুল মেম্বার, হোসেন আহাম্মদ ও আনোয়ার মিয়াসহ প্রায় শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল খালিকের নির্মাণাধীন বসতঘরে হামলা চালায়।
হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করার পাশাপাশি ঘরের টিন, বাঁশ, কাঠ ও আসবাবপত্র ভাঙচুর করে লুট করে নিয়ে যায়। হামলার একপর্যায়ে তারা বসতঘরের মালামালে আগুন ধরিয়ে দেয় এবং যাওয়ার সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা: হারারকান্দি গ্রামের প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান, “হঠাৎ দেখি শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে হাওরের মাঝ দিয়ে গ্রামের দিকে এগিয়ে আসছে। সাথে সাথে পুলিশকে বিষয়টি জানাই। কিন্তু পুলিশ আসার আগেই তারা হামলা চালিয়ে ঘরবাড়ি তছনছ করে মালামাল লুট করে নেয়।”
জনপ্রতিনিধিদের প্রতিক্রিয়া: ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার বলেন, “জমি নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু এভাবে সংঘবদ্ধ হয়ে কারও বাড়িতে হামলা ও লুটপাট চালানো অত্যন্ত নিন্দনীয় অপরাধ। এর কোনো বৈধতা নেই।”
পুলিশের বক্তব্য: জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ